ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-১০। এ সময় সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকসেবী ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ভবনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে সকাল ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে সাফায়েত আহমেদকে আটক করা হয়। তিনি চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।
এসআরবি-১০ জানায়, আটক সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া সেনাবাহিনীর দুটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ ও সেনাবাহিনীর একটি কোমরবন্ধনী (বেল্ট) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআরবি-১০ জানতে পারে, সাফায়েত দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি কোতোয়ালি থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিকেলে এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স), বিএন জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, অপরাধ দমনে এসআরবি-১০-এর জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.