জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে ক্যাফেটেরিয়ায় আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকু।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিল্টারটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘদিনের সুপেয় পানির সংকট ও শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজন মোল্লা বলেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট রয়েছে। ক্যাফেটেরিয়ায় অনেক সময় অনিরাপদ পানি পান করতে হতো। জিকুর উদ্যোগে এখন শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবেন।
ক্যাফেটেরিয়ার পরিচালক জহুরুল ইসলাম টুনু বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা করায় জিকুকে ধন্যবাদ। এর আগেও তিনি ক্যাম্পাসে বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষার্থীরা যেন ফিল্টারটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও যত্নের সঙ্গে ব্যবহার করেন, সে আহ্বান জানান তিনি।
সাখাওয়াত হোসেন জিকু বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনকালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা, আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন, দীপু রায়, সিফাত হাসান স্বচ্ছ, সারোয়ার হোসেন সজীব, মামুন আহমেদ, সাদ ইবনে ওয়াহিদ, কৌশিক রায়, মাহফুজ রহমান, মো. সোহান, তূর্য সরকার জিত, আবু সুফিয়ান রুবাইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.