জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে WIN CEREX সিরাপসহ দুইজনকে আটক করেছে বিজিবি, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ইউনিয়নের দক্ষিণ রামভদ্রপুর ও কুটাহাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর তিনটি টহলদল, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল যৌথভাবে অভিযানে অংশ নেয়।
এ সময় দক্ষিণ রামভদ্রপুর এলাকার মো. আব্দুর রহিম (৩৫) ও কুটাহাড়া এলাকার রাব্বি হাসান (৩২)কে আটক করা হয়। আব্দুর রহিম দক্ষিণ রামভদ্রপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে এবং রাব্বি হাসান কুটাহাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে WIN CEREX সিরাপের ৬ বোতল লুজ ও ১ হাজার ৬০০ মিলিলিটার সিরাপ জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.