রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে খুলনার তেরখাদা উপজেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। এবার উপজেলার ৯৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু প্রসাদ সাহা ও সাধারণ সম্পাদক শংকর কুমার বালাসহ নেতৃবৃন্দ মণ্ডপ নির্মাণ ও প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে তেরখাদার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.