ফরিদপুর প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যার প্রায় পাঁচ বছর পর ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, দুই সহযোগীর স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়ার সন্দেহ থেকে পাঁচজন মিলে তাকে হাত-পা বেঁধে নির্যাতনের পর হত্যা করে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে পিবিআই ফরিদপুর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
গ্রেপ্তার নজরুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের নুরুল ইসলামের ছেলে। পিবিআই জানায়, ২০২১ সালের ৪ জানুয়ারি বালিয়াকান্দির ঢোলজানী এলাকার একটি ঘাসখেত থেকে নিখোঁজের তিন দিন পর কিশোর ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আহেদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।
মামলার এক মাস পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। মরদেহের সুরতহাল প্রতিবেদনে থাকা বিশেষ আলামত, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় নজরুলকে শনাক্ত করা হয়। পরে গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর নজরুল দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের দাবি, নজরুলের দেওয়া তথ্য অনুযায়ী দুই সহযোগীর স্ত্রীর সঙ্গে ওমরের পরকীয়ার সন্দেহ থেকে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডের জন্য ৫০ হাজার টাকার চুক্তি করা হয়েছিল। ঘটনার আগে তারা একসঙ্গে মাদক সেবন করে। পরে রাতে ওমরকে তুলে নিয়ে হাত-পা বেঁধে একটি ঘরে আটকে নির্যাতন ও ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। পরদিন রাতে তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে পাশের ঘাসখেতে ফেলে রাখা হয়।
পিবিআই জানায়, নজরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এতে হত্যাকাণ্ডে মোট পাঁচজনের জড়িত থাকার কথা উঠে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.