নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাঠপর্যায়ের সেবার মান বাড়ানো, কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরে বাউবির কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইনসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক, প্রোগ্রাম অফিসার ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা অংশ নেন।
সভায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সনদ সংশোধন প্রক্রিয়া সহজীকরণ, উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতে নিয়মিত সমন্বয় সভা, পরীক্ষা চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতা, সময়মতো একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ বদলি নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জনবলের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ, নতুন প্রোগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রচার ও ব্র্যান্ডিং জোরদার এবং তৃতীয় লিঙ্গ ও নারী শিক্ষার্থীদের ভর্তি ফি কমানোর বিষয়টি বিবেচনার তাগিদ দেওয়া হয়। পরীক্ষায় অসাধু উপায় প্রতিরোধে প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তালেবের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন উপাচার্য। তিনি বলেন, স্বল্প জনবল ও সীমিত অর্থনৈতিক কাঠামোর মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করা হবে।
উপাচার্য বলেন, “বাউবি শুধু সার্টিফিকেট প্রদানের কারখানা নয়, এটি ডিগ্রি অর্জনের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” এ লক্ষ্য অর্জনে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি দ্রুত ই-অ্যাটেনডেন্স প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় আসন্ন বাউবির ষষ্ঠ সমাবর্তন ও বিশ্ববিদ্যালয় দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান উপাচার্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.