সিরাজুল ইসলাম মল্লিক, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। তিনি ঝিনাইদহ সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে গেটে তালা ঝুলতে দেখা যায়। স্থানীয়রা জানান, তাঁর পরিবারের সদস্যরা সকালে থানায় গেছেন। প্রতিবেশীরা বলেন, আব্দুর রহমানের বাবা অনেক আগে মারা গেছেন। তাঁর মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। আব্দুর রহমান আগে শহরের একটি রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করতেন। পরে জোহান পার্কেও কিছুদিন কাজ করেন। বর্তমানে তিনি বাড়িতে থাকতেন এবং মাঝেমধ্যে ভ্যানে করে শহরে ঝালমুড়ি বিক্রি করতেন।
আব্দুর রহমানের স্ত্রী মোছা. আসমা খাতুন বলেন, “ঘটনার বিষয়ে আমি কিছু জানতাম না। সন্ধ্যার দিকে পুলিশ বাড়িতে এসে জানায়, সম্রাট হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়েছেন। এরপর পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আমরা এখন সদর থানায় বসে আছি।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমানকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুর রহমানকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.