ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে নানা প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের চড়কতলা থেকে ধীরেন মৈত্রের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ তহবিলের অর্থায়নে, উপজেলা কৃষক দলের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি স ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন তরফদার, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু এবং চক শিমলা ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
চারা রোপণ শেষে চড়কতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং রোপণকৃত চারার পরিচর্যা ও সুরক্ষার অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.