নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৫০ সিসির একটি মোটরসাইকেল ও ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী মডেল থানার কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাটের পশ্চিমে পিন্টু বাউলের বাড়ির সামনের সড়কে অভিযান চালায় পুলিশের তিনটি দল। অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তানভীরের কোমর থেকে কালো কাপড় ও সাদা কস্টেপে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজন মিয়া (২২), তানভীর (২৫) ও লাদেন মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে নজরপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের আলীনগর এলাকা থেকে মো. মাসুম মিয়া (৪২) এবং বুধবার রাত ১২টা ১০ মিনিটে মাধবদী থানার আটপাইকা এলাকা থেকে মোশারফ করিম (৩০)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে পৃথক অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিবপুরের কারারচর বড়ইতলা এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ বাদল মিয়া (৪২), পলাশের ঘোড়াশাল এলাকা থেকে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবাসহ ইমন মিয়া (২৬) ও সোহেল ভূঁইয়া (২৬) এবং নরসিংদী মডেল থানার সাহেপ্রতাব এলাকা থেকে ৪১ পিস ইয়াবাসহ মো. মিঠুন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.