মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির গোয়ালঘর থেকে চুরি যাওয়া ষাঁড় উদ্ধার ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মো. মুরাদ শেখ নামে এক ব্যক্তি। একই সঙ্গে চুরির ঘটনায় তথ্য-প্রমাণ থাকার পরও মোল্লাহাট থানায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মুরাদ শেখ। তিনি উপজেলার ভান্ডারখোলা দক্ষিণপাড়া গ্রামের আবুল বাশার শেখের ছেলে।
লিখিত বক্তব্যে মুরাদ শেখ বলেন, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় চুরি হয়। চুরি যাওয়া গরুটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকার বেশি বলে দাবি করেন তিনি।
তিনি জানান, গরুটি উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন তারা। এসব তথ্য-প্রমাণ নিয়ে মোল্লাহাট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে তাদের নিরুৎসাহিত করেছে বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে জানান মুরাদ শেখ। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে অপরাধের শিকার হলে আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু মামলা করতে না পারায় তিনি ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে মুরাদ শেখ চুরি যাওয়া ষাঁড়টি উদ্ধারে কার্যকর পদক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মুরাদ শেখের মা জামিরোন্নেছা, স্ত্রী ফরিদা বেগম ও ছোট ভাই মো. রাকিব শেখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.