আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে জমি দখল, দোকানঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মিজানুর রহমান গাজী নামে এক ব্যক্তি। বুধবার (৭ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, উপজেলার বুধহাটা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোতাহার হোসেনের কাছ থেকে ২০২০ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে তিনি জমি ক্রয় করেন। পরে জমিটি নামজারি করে নিয়মিত খাজনা পরিশোধের পাশাপাশি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তার অভিযোগ, জমির কাগজপত্র সঠিক থাকার পরও স্থানীয় আব্দুল হাই ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি ও দোকানঘর দখলের চেষ্টা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে তার দোকানঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে দাবি করেন তিনি।
মিজানুর রহমান আরও বলেন, পরদিন মিস্ত্রি দিয়ে দোকানঘর পুনর্নির্মাণের কাজ শুরু করলে আব্দুল হাই লোকজন নিয়ে এসে আবারও দোকানঘর ভাঙচুর করেন। পরে ৪ অক্টোবর সকালে আব্দুল হাই ও তার সহযোগীরা ফের দোকানঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তিনি।
একই দিন সন্ধ্যায় তাকে বাজারের এক পাশে ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন মিজানুর রহমান। টাকা না দিলে তার জমি ও দোকানঘর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগও করেন তিনি।
মিজানুর রহমান বলেন, জমি ক্রয় ও ভোগদখলের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। এরপরও একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। ভাঙচুর ও হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বৈধ জমি ও দোকানঘর রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল হাই ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.