নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেল-রেস্তোরাঁয় বাণিজ্যিকভাবে রান্না করার অভিযোগে পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি হোটেল-রেস্তোরাঁর সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের ভুইঁয়াপাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাসের গাজীপুর কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, ডুয়েটের পার্শ্ববর্তী ভুইঁয়াপাড়া এলাকায় আবাসিক গ্যাসের বাণিজ্যিক ব্যবহারের দায়ে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর দুই ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ছায়াতরু রোডের জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের দায়ে দুজনকে ৬০ হাজার টাকা এবং শিমুলতলী এলাকার হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একই অপরাধে একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আবাসিক শ্রেণির পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগগুলোর মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।
সংশ্লিষ্টরা জানান, আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.