
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে পাওনা ১৮০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চন্দন চক্রবর্তী (২৮) নামে এক মসলা বিক্রেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ভাইকেও মাথায় আঘাত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর গাড়ফা বাজারে এ ঘটনা ঘটে।
আহত চন্দন চক্রবর্তী ও তাঁর ভাই মেহেরপুর গ্রামের অমৃত চক্রবর্তীর ছেলে। চন্দন জানান, দের বোয়ালিয়া (হালিমপুর) এলাকার এক আইসক্রিম বিক্রেতা তাঁর কাছ থেকে ৮০ টাকার মসলা বাকিতে নেন। পরে ওই ব্যক্তির এক ছেলে আরও ১০০ টাকার মসলা বাকিতে নেন।
চন্দন বলেন, পাওনা ১৮০ টাকা চাইতে গেলে আইসক্রিম বিক্রেতার তিন ছেলে একযোগে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয় এবং তাঁর ভাইকে মাথায় আঘাত করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত চন্দন চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.