বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মাহিনের বাবা তাদের রেখে খুলনায় থাকেন। পরে তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস শুরু করেন। অর্থাভাবে মাহিনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর স্থানীয়দের ডাকে সুপারি ও নারিকেল পেড়ে জীবিকা নির্বাহে সহায়তা করত সে।
মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদার নারিকেল পাড়ার জন্য মাহিনকে গাছে উঠতে বলেন। একপর্যায়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথেই মাহিনের মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, গাছ থেকে পড়ে শিশুটির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। তাকে গাছে ওঠানোর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.