হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষ (২০২৫-২৬) ও একাদশ শ্রেণির (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও গান পরিবেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে পড়াশোনা, শিষ্টাচার, জীবনের লক্ষ্য নির্ধারণ, ক্যারিয়ার পরিকল্পনা ও ভাষাগত দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে নবীনদের দিকনির্দেশনা দেন বক্তারা।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের লোগো সংবলিত উপহার সামগ্রী, বই ও খাবার বিতরণ করা হয়।
নবীন শিক্ষার্থীরা আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, কলেজে এর আগে এমন সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠান তারা দেখেননি। বিশেষ করে নবীনদের বরণে এ ধরনের আয়োজন তাদের কাছে ব্যতিক্রমী লেগেছে।
অনুষ্ঠানে আদিনা কলেজ সাথী শাখার সভাপতি আসমাউল হুসনাসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.