নোয়াখালী প্রতিনিধি
মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যদের সমাজে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক ও কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। একইভাবে বিভিন্ন অপরাধে কিশোরদের জড়িয়ে পড়ায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া, তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সচেতন থাকা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কামরুজ্জামান চৌধুরী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.