ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এ সময় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রায়হানুল কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফিরোজ আলী, আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, যুবসমাজকে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ প্রশংসনীয়। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও শৃঙ্খলা শিক্ষার্থীরা ব্যক্তিজীবনের পাশাপাশি সমাজ বিনির্মাণেও কাজে লাগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন বলেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং সমাজসেবামূলক কাজে তরুণদের অংশগ্রহণ বাড়ানোই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তাসহ বিভিন্ন সেবামূলক কাজে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি ১০টি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ ধরনের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগের প্রশংসা করেন কলেজ কর্তৃপক্ষ ও প্রশিক্ষণার্থীরা। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.