রাজু দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন।
সভায় বক্তারা কমলগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত কমলগঞ্জ। যেকোনো মূল্যে এই সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
সভাপতির বক্তব্যে ইউএনও সন্দ্বীপ তালুকদার জানান, উপজেলার ১৪৯টি সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারি এবং সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পূজাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং ও কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে উপজেলার ১৪৯টি সার্বজনীন পূজামণ্ডপের অনুকূলে মোট ৬০০ কেজি করে জিআর চালের ডিও (DO) কপি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.