আশরাফুজ্জামান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগান সামনে রেখে পলাশবাড়ী শাখা কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ব্যাংক কার্যালয়ে বিশেষ দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক সাজিদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান রাজা, সহকারী শিক্ষক জোহা চৌধুরী এবং ব্যবসায়ী ও সমাজসেবক মলিন সরকার। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা অর্জন ও ব্যাংকিং সেবার মানোন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক সাজিদ রশিদ বলেন, আইএফআইসি ব্যাংক দেশের শহর থেকে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে। ব্যাংকের ৫০ বছর পূর্তিতে তিনি গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘ পথচলা উদযাপনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.