কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুয়াকাটার হোটেল মারওয়াতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম ইনছার আলী। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। অভিযানে মহিপুর থানা-পুলিশ সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, আব্দুল জলিল সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীকে কুয়াকাটায় নিয়ে আসতেন। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক তরুণীকে পুলিশি সহায়তায় উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় জলিলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় আব্দুল জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রশাসন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.