একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে ‘বাণিজ্য মেলা-২০২৬’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং আইরা অ্যান্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হচ্ছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেলার আয়োজক হীরা মিয়া। এতে বক্তব্য দেন চেম্বারের সহসভাপতি এনামুল হক এনাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নাসিম উদ্দিন লালা এবং জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজুসহ অন্য অতিথিরা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সামছুল হক বলেন, স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে মেলা পরিচালনা করা হবে। স্কুল-কলেজের সময়সূচি ও নামাজের সময়ের প্রতি পূর্ণ সম্মান রেখে এলাকার পরিবেশ ও শান্তি বজায় রাখা হবে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মেলা আয়োজনের জন্য আয়োজকেরা সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং মেলার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, আয়োজক কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.