ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবলু শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকার মৃত আহমেদ শেখের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান বাবলু শেখ ও তাঁর সহযোগীরা। দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বাড়িসংলগ্ন বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআরবি জানায়, পারিবারিক পূর্ববিরোধের জেরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাহফুজার বাবা ইদ্রিস আলী মোল্যা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০, কেরানীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) ও এসআরবি-৬-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে বাবলু শেখকে গ্রেপ্তার করে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.