মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ধূসাহাটি চৌরাস্তা মোড়ে পানচাষিদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ‘কৃষক বন্ধু পানের আড়ত’ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পানচাষিদের উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ আড়তের উদ্বোধন করেন।
আড়তটি চালু হওয়ায় এলাকার পানচাষিদের উৎপাদিত পান বিক্রির জন্য দূরবর্তী হাটবাজারে যেতে হবে না। এতে তাঁদের যাতায়াত খরচ ও সময় সাশ্রয়ের পাশাপাশি পরিবহনজনিত ভোগান্তি এবং পথে নিরাপত্তাঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকেরা জানান, সালামাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক পান চাষ হয়। কিন্তু উৎপাদিত পান বিক্রির জন্য চাষিদের দূরের বাজারে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি পণ্য পরিবহনে নানা সমস্যায় পড়তে হয় তাঁদের। এসব ভোগান্তি কমানো, পানচাষিদের স্বার্থ রক্ষা এবং স্থানীয়ভাবে পানের বাজার গড়ে তোলার লক্ষ্যেই এ আড়ত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও জানান, প্রতি সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার এ হাটে পান কেনাবেচা হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের বেচাকেনাও চলবে। ফলে পান বিক্রির পাশাপাশি একই হাট থেকে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন চাষিরা। এতে স্থানীয় কৃষক ও ব্যবসায়ী—উভয়েই উপকৃত হবেন বলে আশা করছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া পৌর যুবদলের সভাপতি মো. হাচিবুর শেখ, যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক খসরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঠু গাজী, সালামাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর ইসলাম রিংকু, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তোরাব মোল্যা এবং সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিশকাত থান্দার। এ ছাড়া স্থানীয় পানচাষি ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, ‘কৃষক বন্ধু পানের আড়ত’ স্থানীয় পানচাষিদের জন্য একটি সুবিধাজনক বিক্রয়কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে কৃষকদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় কৃষিপণ্যের বাজারজাতকরণ আরও সহজ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.