শাহীন আহমেদ, ভেদারগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদারগঞ্জ উপজেলার সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাজী নয়ন শরীফ সরকার কান্দি ঈদগাহ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মাকসুদুর রহমান মুসু সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আসিফ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান রাজীব সরদার বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী ম্যাচে মাদবর কান্দি ফুটবল একাদশের মুখোমুখি হয় বেপারী কান্দি ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। খেলায় জয় পেয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বেপারী কান্দি ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন রফিক আহমেদ সরকার, এসএম রতন সরকার, কবির হোসেন সরকার, এস এম আহসানউল্লাহ ফুহাদ সরকার, এস এম সোহেল সরকার, মনির হোসেন সরকার, শাহ নেয়াজ হোসেন সরকার, ইলিয়াস হোসেন সরকার, মফিজুল হক সরকার ও সেকুল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মরহুম মনসুর আহমেদ সরকারের স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি এলাকায় খেলাধুলার চর্চা বাড়বে এবং তরুণেরা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.