ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট শ্রীধাম শ্রীঅঙ্গনে শারদীয় সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বর্ষের শারদীয় আগমনী উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে নায়াব ইউসুফ বলেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার ও সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখতে প্রশাসন এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারদীয় সংঘের আহ্বায়ক দীপঙ্কর দত্ত। পবিত্র বেদমন্ত্র, চণ্ডীপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, ফরিদপুর ইসকন মন্দিরের ব্যবস্থাপক শ্রীপাদ নকুলানন্দ কানাই দাস, জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শতাধিক দুস্থ মানুষের হাতে শারদীয় আগমনী উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.