আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে ২১টি মন্দিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিমা তৈরির মাটির কাজ শেষে রং-তুলির শেষ আঁচড়ে এখন পূজার অপেক্ষায় দেবী দুর্গা। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
আগামী ১৫ অক্টোবর বোধন ও ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুলিয়া ইউনিয়নে সাতটি, পারুলিয়া ইউনিয়নে সাতটি, সখিপুর ইউনিয়নে দুটি, নওয়াপাড়া ইউনিয়নে একটি এবং দেবহাটা সদর ইউনিয়নে চারটি মণ্ডপ রয়েছে।
মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিমাশিল্পীরা জানান, প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে নিখুঁতভাবে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করেছেন তাঁরা। এখন পূজার আনুষ্ঠানিকতা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার তিন থেকে চারটি মণ্ডপে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে পৃথক টিম গঠন করা হয়েছে। গত ৫ অক্টোবর উপজেলা প্রশাসন এবং ৯ অক্টোবর থানা প্রশাসনের উদ্যোগে মন্দির কমিটির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর ঘোষ বলেন, এ বছর দুর্গাপূজা উদযাপনে সরকারি বরাদ্দ বেশি পাওয়া গেছে। এতে সনাতন ধর্মাবলম্বীরা খুশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মন্দির কমিটির নেতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, কন্ট্রোল রুম ও মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিজয়া দশমীতে জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে উৎসব সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.