কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (১০ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়ার আরডিএ হলরুমে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পঞ্চম শ্রেণির ১৬০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এস এম জিলানী বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, তা সবাই জানেন। শিক্ষার্থীরা খাতায় না লিখলেও তাদের পাস করিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল শিক্ষকদের। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর সেই অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য সরকার ‘অন টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আগামীতে সারা দেশে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু এবং শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষকদের উদ্দেশে এস এম জিলানী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চান। এ জন্য শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। তাঁদের পরামর্শ নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন বলেও জানান।
উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিলয় হাওলাদার মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
আলোচনা সভা শেষে এস এম জিলানী ১৬০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.