আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম (৩৮)।
অভিযোগকারী নাজমুল ইসলাম উপজেলার পাকুড়িয়া গ্রামের হাজী চাঁদ মাহমুদ খানের ছেলে। অভিযোগে একই গ্রামের মিজানুর রহমান খান (৬৫), তৌহিদুর রহমান খান (৪৫), মফিজুর রহমান খান (৩৫) ও ফয়সাল খান (১৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাকুড়িয়া মৌজার ৪৮ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ ঘটনায় আলফাডাঙ্গা সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নম্বর ৬৮/২১ বিচারাধীন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নাজমুল ইসলামের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিবাদীরা বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন। ইতোমধ্যে ভবনের ভিত্তি ঢালাইয়ের কাজও শেষ হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিবাদীদের আদালতের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছিল। তবে তাতে সমাধান না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জমি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আইনগত প্রতিকার পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগে পাকুড়িয়া মৌজার বিএস খতিয়ান নম্বর ২২১ ও ২২৪ এবং হাল দাগ নম্বর ২৩৭ ও ২৩৮-এর ৪৮ শতাংশ জমির উল্লেখ রয়েছে। এর মধ্যে ২৪ শতাংশ জমির ওপর নিজেদের দাবি রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান খান বলেন, “আমাদের জায়গায় ঘর তোলা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। জমির কাগজপত্র আমাদের অনুকূলে রয়েছে।”
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার মণ্ডল বলেন, “আমি সরেজমিনে গিয়েছিলাম। নালিশি জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই উভয় পক্ষই সেখানে কোনো ধরনের কাজ করতে পারবে না। কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.