যশোর প্রতিনিধি
যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বানের মধ্য দিয়ে যশোরে ‘মাদকের বিস্তার রোধ ও যুবসমাজের নৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা ইমাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান আলোচক ছিলেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা আ.ব.ম. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম। বিশেষ আলোচক ছিলেন ইসলামী দাঈ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হচ্ছে, যা দেশ ও জাতির ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করতে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি পরিবার, শিক্ষক ও ইমামদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা জরুরি। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য দেন মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকির।
অনুষ্ঠানে ‘মাদকের বিস্তার রোধ ও যুবসমাজের নৈতিক শিক্ষা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। দোয়া পরিচালনা করেন চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা কবির আহমাদ।
এতে ইমাম, খতিব, মাদরাসার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.