ফরিদপুর প্রতিনিধি
নদীর বুকে বৈঠার ছন্দ, মাঝিদের গান আর দুই তীরে দর্শনার্থীদের উচ্ছ্বাস—গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে ফরিদপুরের কুমার নদ। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রাম ও ভাঙ্গা উপজেলার মুনছুরাবাদের মধ্যবর্তী নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
নৌকাবাইচ উপভোগ করতে ট্রলারযোগে নদে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি প্রতিযোগিতা উপভোগ করেন, প্রতিযোগীদের উৎসাহ দেন এবং নদীর দুই তীরে সমবেত দর্শনার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁর দিকনির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর তত্ত্বাবধানে নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় রঙিন নৌকাগুলোর দ্রুত ছুটে চলা, মাঝিদের সমন্বিত বৈঠা চালানো এবং ঢাকঢোলের শব্দ দর্শনার্থীদের মাতিয়ে তোলে। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। নগরকান্দা, ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বলেন, নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। তাঁরা প্রতিবছর নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
কুমার নদের বুকে বৈঠার ছন্দ আর দুই তীরের মানুষের উচ্ছ্বাসে ঐতিহ্যবাহী এ আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। নদীকেন্দ্রিক লোকজ সংস্কৃতি ধরে রাখতে এমন উদ্যোগের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.