মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক দুটি অভিযানে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে দেওয়ানগঞ্জ থানার বাঘারচর সরকারপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারীগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি-১-এর একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাট কড়াইবাড়ী এলাকার সাইদুর রহমান (৩৪), মনু মিয়া (৩৬) ও খেতারচর এলাকার সেলিম মিয়া (৩৮)। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাগে আবেদ মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকার নাবিব হাসান (২৩) ও পূর্ব বামুনপাড়া এলাকার শামীম (৩০)। এ ঘটনায় জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ বদ্ধপরিকর।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.