
পঞ্চগড় প্রতিনিধি
ফারাক্কা চুক্তি নবায়ন করে তাতে গ্যারান্টি ক্লজ যুক্ত করা এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ভারত গ্যারান্টি ক্লজ যুক্ত করে চুক্তিটি নবায়ন করবে এবং বাংলাদেশের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানির হিস্যা ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধুপ্রতিম দেশ হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করতে পারবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে নানা বিতর্ক ছিল। গ্যারান্টি ক্লজ যুক্ত করে ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে এসব বিতর্কের অবসান ঘটবে এবং ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণের সুযোগ পাবে।
রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় কাঠের সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মীরগড় এলাকায় বিদ্যমান কাঠের সেতুর স্থানে প্রায় ২০৩ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় স্থানীয়রা প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান। দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়।
পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.