যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে ইঞ্জিনচালিত নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেকজনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সঙ্গে থাকা বিল্লাল নামে আরেক ব্যক্তি খালে পড়ে নিখোঁজ রয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন ব্যক্তি গ্রামে ঢোকেন। পরে একটি নসিমন চুরি করে পালানোর সময় তাঁদের ধাওয়া করেন গ্রামবাসী। এ সময় তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমানকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। অন্যদিকে, মনিরুজ্জামান ও বিল্লাল পানিতে পড়ে যান। পরে মনিরুজ্জামানকে আটক করা হলেও বিল্লালের খোঁজ পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক মনিরুজ্জামানকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে নিখোঁজ বিল্লালকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.