ফরিদপুর প্রতিনিধি
জাতীয় সড়ক নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফরিদপুর সার্কেলের উদ্যোগে রোববার (১১ অক্টোবর) দুপুরে সারদা সুন্দরী মহিলা কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ট্রাফিক সাইন, সিগন্যাল এবং নিরাপদে সড়ক পারাপারের নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) পলাশ খীসা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। পথচারীদের রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এবং রাস্তা পার হওয়ার আগে ডানে-বামে দেখে নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন বিআরটিএ ফরিদপুর সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম ও ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অরূপ কুমার সাহা। এ সময় কলেজের শিক্ষক ও বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার এবং সড়কে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.