
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে মাছ ধরার আড়ালে হরিণ শিকারের ফাঁদ পেতে রাখার অভিযোগে ছয়জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুটি নৌকা, ৪০ ফুট চরপাটা জাল ও শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য হলদির খাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা বাগেরহাটের রামপাল উপজেলার ছায়েরাবাদ গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।
চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান রোববার (১১ অক্টোবর) বিকেলে মুঠোফোনে জানান, তাঁর নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় অভয়ারণ্য ঘোষিত হলদির খালে কয়েকজনকে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে দেখেন। নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে তাঁদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হরিণ শিকারের বিষয়টি বেরিয়ে আসে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনে তল্লাশি চালিয়ে ২০০ ফুট নাইলনের রশি দিয়ে তৈরি হরিণ শিকারের ফাঁদ, দুটি নৌকা, ৪০ ফুট চরপাটা জাল ও শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক ব্যক্তিরা মূলত হরিণ শিকার করেন। মাছ ধরার আড়ালে হরিণ শিকার করাই তাঁদের মূল উদ্দেশ্য ছিল। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে রোববার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বন অপরাধ দমনে সুন্দরবনে নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.