চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে যাত্রীবেশে ভ্যান ভাড়া নিয়ে চালককে হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে তাঁকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায় তারা।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঁকড়ামারী-পরানপুর সড়কের শিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক তফেল আলী (৫০) উপজেলার অনুপামপুর কারিগরি পাড়া গ্রামের মৃত কানু আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে তফেল আলীর ভ্যান ভাড়া নেয়। পরে কাঁকড়ামারী বাজার পার হয়ে পরানপুর বাজারের আগে শিশাতলা এলাকায় পৌঁছালে তারা কোমর থেকে হাতুড়ি ও চাপাতি বের করে চালকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার পর তাঁকে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে তফেল আলীর চিৎকার শুনে পথচারী ভ্যানচালক ও যাত্রীরা তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, হামলায় তফেল আলীর দুই হাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি হাত ভেঙে গুরুতর জখম হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বলেন, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তাঁদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.