নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বিয়েতে পরিবারের অসম্মতির জেরে অভিমান করে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিফাত ওই গ্রামের মো. আসাদুল ইসলাম কুইনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করত। সেখানে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ে করতে চাইলে বয়স কম হওয়ায় এবং এ বিয়েতে রাজি না থাকায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।
প্রথমে নানির বাড়িতে থাকলেও তিন দিন আগে নিজ বাড়িতে আসে সিফাত। রোববার রাত ১০টার দিকে চাচার বাড়িতে খাবার খেয়ে নিজের শয়নকক্ষে ঘুমাতে যায় সে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.