ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি সামনের সারিতে থেকে লড়াই করেছেন। তিনি দেশের সম্পদ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী তাঁদের সেখানে পাঠিয়েছেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। পলাতক ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাইফুদ্দিন আহমেদ মনির স্মৃতি সংরক্ষণের বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি তাঁর নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে আলোচনা করবেন। সভায় বক্তারা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে মনির ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই, প্রাবন্ধিক, শিল্প সমালোচক, লেখক ও অনুবাদক মইনুদ্দীন খালেদ। সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নেতা ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম এবং চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক এজিএস এবং জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আজিজুল হাই সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন ফরিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামাল হোসেন সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, সরিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মুসা মিয়া এবং যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল্লাহ খান জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.