আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মদক্ষতা ও মাদক উদ্ধার কার্যক্রমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনসেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। একই সঙ্গে মাদক উদ্ধার কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিও দেওয়া হয় তাঁকে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব পালনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন ওসি মাসুদ খান।
ওসি মাসুদ খান জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২১৭ পিস ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭৫টি মামলা করা হয়। এসব মামলায় আসামি করা হয়েছে ৭০ জনকে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল। পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং আগৈলঝাড়াবাসীর সহযোগিতা ও আস্থার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এ সম্মাননা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আগৈলঝাড়া থানার এ সাফল্য জেলার অন্যান্য পুলিশ ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.