নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার জগন্নাথপুর গ্রামে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে সোহাগী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষ করেন। ওইদিন বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরে ছোট্ট সোহাগী। পরে মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে যান তিনি। জমি চাষ শুরু করার সময় মেয়েকে খেতের আইলে বসিয়ে রাখেন সোহেল। একপর্যায়ে খেত থেকে হঠাৎ একটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.