নওগাঁ প্রতিনিধি
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে নওগাঁয় দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ১০৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন ধারণা কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরে। এসব প্রকল্পের মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব সমস্যার সমাধানে নতুন চিন্তার পরিচয় দেয়।
মেলায় অংশ নেওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত তার ‘উইন্ড পাওয়ার এলইডি চার্জিং সিস্টেম’ প্রকল্প সম্পর্কে বলেন, বাংলাদেশে জ্বালানি সংকটের কারণে অনেক সময় বিদ্যুতের অভাবে থাকতে হয়। তাদের প্রকল্পে ব্যাটারি ছাড়াই বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণা তুলে ধরা হয়েছে। এ ধরনের মেলার মাধ্যমে নিজেদের মেধা ও সৃজনশীলতাকে উদ্ভাবনী কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন বলেও জানায় সে।
নবম শ্রেণির শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে নিজেদের চিন্তাভাবনা বিকশিত করার সুযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত হবে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও উদ্ভাবনী ধারণা সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনায় উৎসাহ দেওয়া এবং নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.