নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওসমান গনি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহত ব্যক্তিরা হলেন নিহত আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৪), আব্দুল আলিম (২৫), জাহিদুল ইসলাম (৪০), নজরুল ইসলাম, রেজাউল ইসলাম (৬৫), ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আহতদের মধ্যে শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের শরিক নজরুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, নজরুলের পক্ষ জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছিল। পরে স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় আনিছুর রহমানের পরিবারকে প্রায় সাত বিঘা জমি বুঝিয়ে দেওয়া হয়। ওই জমিতে তাঁরা ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে আনিছুর রহমানের পক্ষের পাঁচজন এবং অপর পক্ষের চারজন আহত হন। গুরুতর আহত আনিছুর রহমানের মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর নজরুল ইসলাম হাসপাতাল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.