গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, মেধার বিকাশ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও বার্থী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্যসচিব মাহবুবুল হাসান মুহীদ শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, গৌরনদী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ এম ইলিয়াস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সহকারী শিক্ষক রাজা রাম সাহা, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান সরদার ও সাংবাদিক রুহুল আমিন খান।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, শিক্ষানুরাগী গাজী রফিকুল ইসলাম জুয়েল, লিলি বাড়ৈ, কাজী হাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তাদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, আচরণ ও মানসিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.