
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই গ্রামীণ অর্থনীতির প্রাণ—এই স্লোগানে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফয়লা বাজারে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীজ তামান্না ফেরদৌসী। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এ আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইআরভির ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট এক্সেস প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র। উজলকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মো. আক্তার মোড়ল, নারী সদস্য আসমা বেগম, মো. আলিমুজ্জামান ও জান্নাতুল ফেরদৌসসহ অনেকে।
মেলায় গ্রামীণ নারী কৃষকদের তৈরি বিভিন্ন ধরনের কুটিরশিল্প, উৎপাদিত সবজি, দেশীয় ফল ও কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। হস্ত ও কুটিরশিল্পের স্টলে স্থান পায় নকশিকাঁথা, কুশিকাটা, বেতের তৈরি ল্যাম্পসেট, ঝুড়ি, ধামা, ফুলদানি, বাঁশের কুলা ও পুঁতির তৈরি ব্যাগসহ নানা পণ্য।
আয়োজকেরা জানান, গ্রামীণ নারীদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং অর্থনৈতিক ক্ষমতায়নে উৎসাহ জোগানোই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.