পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত ও আয়নিরাপত্তা জোরদারে প্রাতিষ্ঠানিক সমন্বয়বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পলাশ উপজেলা পরিষদের হলরুমে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন রিকের মইনুল হক।
সভায় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া এবং রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‘Improving Institutional Coordination for Social Protection of Older People in Bangladesh’ শীর্ষক এ কর্মসূচির মূল লক্ষ্য প্রবীণদের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং হেল্পএইজ জার্মানির সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রবীণদের আয়নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অধিকার সুরক্ষায় কাজ করা হচ্ছে।
সভায় প্রবীণদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রবীণদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ করতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.