দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে কুষ্টিয়ার দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন পূজামণ্ডপে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সাত দিন বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে বিজিবি। এর অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় তিন প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলো একাধিকবার পরিদর্শন ও রেকি করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের সভাপতি ও আয়োজক কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.