বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে যে ক্ষতি করেছে, তার পাশাপাশি বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, দেশে যেন নির্বাচন না হয় এবং অস্থিরতা বজায় থাকে, সে জন্য ইন্টেরিম সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে গেছে। দেশে ছড়িয়ে পড়া অপতথ্যের পেছনে একটি দলের ‘বট বাহিনী’ জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এসব অপতথ্য রুখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
শুক্রবার (১৭ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তার চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.