পঞ্চগড় প্রতিনিধি
বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সব ধর্মের মানুষের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের আনন্দ বাড়াতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহীসহ তিনটি জেলা সফর করবেন বলেও জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পঞ্চগড়ে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তাঁরা পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
তিনি আরও বলেন, কোনো সুযোগসন্ধানী মহল যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। অপ্রীতিকর ঘটনা, গুজব ও বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.