চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা, দশ রশিয়া ও গাইপাড়া এলাকায় মাদক সেবন ও ব্যবসা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মাদকের আগ্রাসন থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এবার একজোট হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীবেষ্টিত ও বিচ্ছিন্ন চরাঞ্চল হওয়ায় এসব এলাকায় প্রশাসনের নজরদারি তুলনামূলক কম। নদীপথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক প্রবেশের অভিযোগও রয়েছে। সহজলভ্যতার কারণে মাদকের বিস্তার বাড়ছে, যার প্রভাব পড়ছে পরিবার ও সামাজিক জীবনে।
মাদক নির্মূলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকের আস্তানা চিহ্নিত করা এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দশ রশিয়া বাজার এলাকায় এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোন্তাজ আলী ঝাটু মণ্ডল বলেন, আগে চরাঞ্চলে দু-একজন যুবকের মাদক সেবনের কথা জানা গেলেও এখন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে নির্যাতনের ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
মো. আজিজুর রহমান বলেন, নদীবেষ্টিত ও বিচ্ছিন্ন এলাকা হওয়ায় এখানে প্রশাসনের নজরদারি কম। মাদক নির্মূলে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিকল্পিত অভিযান প্রয়োজন।
কলেজছাত্র মো. আমিনুল ইসলাম বলেন, চরাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সুযোগ সীমিত। এর মধ্যে মাদকের বিস্তার শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মাদকের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন তিনি।
সভায় গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম মেম্বার, লাল মোহাম্মদ, মানজুর রহমান মাস্টার, শাহজাহান আলী মাস্টার, আব্দুর রাজ্জাক মণ্ডল, তরিকুল ইসলাম ও এনসাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তাঁরা চরাঞ্চলকে মাদকমুক্ত করতে পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার বেশি। মাঝখানে পদ্মা নদী থাকায় যাতায়াতেও সমস্যা হয়। তবে পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। মাদকসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মাদক নির্মূলে স্থানীয় উদ্যোগের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত সহযোগিতা চান চরাঞ্চলের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হলে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এলাকার যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.