কালকিনি-ডাসার প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যেন আপনাদের পাশে থাকি। এই দল সবসময় আপনাদের পাশে রয়েছে। উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে প্রশাসনের প্রতিটি সেক্টর নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এর অন্যতম উদাহরণ ফ্যামিলি কার্ড। মায়েদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মা সুস্থ ও সবল থাকলে পরিবারও ভালো থাকে।
ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.